নিজস্ব প্রতিবেদক।।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন শিক্ষকরা। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শেখ কাওছার বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দু’টি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, সভায় যারা উপস্থিত ছিলেন তারা আমাদের বলেছেন, জাতীয়করণ করতে কতটাকা খরচ হবে সেই তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এরপর তিনি জাতীয়করণের ঘোষণা দেবেন। আমরা এতে সন্তোষ প্রকাশ করেছি। কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এবং অনশন স্থগিত ঘোষণা করছি। আজ এবং আগামীকাল থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার পরও কোনো ফল আসেনি। এ পরিস্থিতিতে গতকাল থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
এদিকে গতকাল মঙ্গলবার আন্দোলনের ২১তম দিনে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। গতকাল শিক্ষকরা গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
দীর্ঘ দিন থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ২১ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন শেষে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। শরীরের কাফনের কাপড় জড়িয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকাল থেকে অনশন শুরু করেন তারা। শোকের মাস আগস্ট শুরু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয়করণ আন্দোলন চলছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই শত শত শিক্ষক অনশন চালিয়ে যাচ্ছেন। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বক্তব্য- স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ গতকাল সন্ধ্যায় বলেন, আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি জানিয়ে আসছি দীর্ঘ দিন থেকেই। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনোই ভ্রুক্ষেপ করছে না। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের গন্তব্য এখন দু’টি- হয় ঘোষণা বা পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অথবা কবরস্থান।
তিনি বলেন, আমাদের মৃত্যুর দামেও যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হয় এবং শিক্ষকদের বৈষম্য দূর হয় তা হলে আমাদের জীবন সার্থক হবে। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম। তার সাক্ষাৎ না পেলে আজরাইলের সাক্ষাৎ বরণ করে নেবো। তিনি বিভিন্ন স্কুলে কর্মরত থাকার শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অনশন কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
