নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দুই হাজার ২০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান।
পরিচালক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে এক হাজার ৫৯ জন। ঢাকায় মারা গেছেন নয়জন এবং ঢাকার বাইরে একজন মারা গেছেন।
শাহাদত হোসেন জানান, জুন মাসে আমাদের রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন, জুলাই মাসে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ৩৮ হাজার ৪২৯ জন। ১১ থেকে ৫০ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। এ মাসে রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বেড়েছে গত মাসের তুলনায়।
পরিচালক বলেন, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে ডেঙ্গুতে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।
শাহাদত হোসেন জানান, ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
