এইমাত্র পাওয়া

চবির বাজেট, শিক্ষার্থীপ্রতি ব্যয় ১ লাখ ৫২ হাজার

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতবছরের বাজেটের তুলনায় যা ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। বাজেট অনুযায়ী এ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজার ৫১০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষার্থীপ্রতি ব্যয় হবে ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা।

রোববার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত ৩৫ তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

বাজেটে বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা। যা মোট বাজেটের ৬২ শতাংশ।

এবারের বাজেটে বেড়েছে গবেষণায় বরাদ্দের পরিমাণ। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা গত অর্থ বছরে ছিলও ৬ কোটি ৫৫ লাখ টাকা। এবারে মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে।

পণ্য ও সেবা বাবদ বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ৭০ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ১৭.৩২ শতাংশ। গত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ছিল ৫৭ কোটি ৩৩ লাখ টাকা।

এছাড়া, পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। গত বাজেটে যার পরিমাণ ছিল ৬১ কোটি ৫ লাখ টাকা। এ খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৪৭ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে।

সিনেটে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তবে ৩৩ বছরের ধারাবাহিকতায় এবারও কোনো ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে সিনেটের এই অধিবেশন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.