ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫০৩, মৃত্যু ৪

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩ জন। শুক্রবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০৭ জন ও ঢাকার বাইরের ৫৯৬ জন। এর আগে বুধবার (২৬ জুলাই) একদিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২২৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫০০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৩০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরের ১৪ হাজার ৬৪৪ জন।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.