ভূঞাপুরে খেলা চলাকালে মঞ্চ ভাঙচুর করলেন প্রধান শিক্ষক

টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের বিরুদ্ধে মঞ্চ ভাঙচুর ও বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। সকাল পৌনে ১১টার দিকে খেলা চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী মঞ্চের কাছে আসেন। প্রধান শিক্ষক ফুটবল খেলা বন্ধ করতে বলেন। প্রধান শিক্ষক মহীউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও মঞ্চে উপবিষ্ট ৩ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ এবং প্রধান শিক্ষকসহ দেড় শতাধিক শিক্ষককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তিনি মঞ্চের টেবিল উপড়ে ফেলে মঞ্চ ভাঙচুর করেন এবং বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম বলেন, খেলা চলাকালে প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন মঞ্চ ভাঙচুর ও বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের মাঠে খেলা পরিচালনার জন্য কোনো লিখিত অনুমতি নেয়া হয়নি।

খেলা পরিচালনায় ছাত্রছাত্রীদের ক্লাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছিলো। এ জন্য আমি খেলা বন্ধ করতে বলি। মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন বলেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলা পরিচালনার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও আমি নিজেই প্রধান শিক্ষককে অবহিত করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি। তিনি যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা অমার্জনীয়। বিষয়টি বিস্তারিতভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.