শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পশ্চিমবঙ্গে বর্ষা এখনো ভালোভাবে শুরু হতে না হতেই ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমেই বেড়ে চলেছে এ রোগের প্রকোপ। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনিকভাবে এখনই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।
এরই মধ্যে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না। যাদের ডেঙ্গু ধরা পড়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন। সে কারনেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ও তার আশেপাশের এলাকায় বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে।
মমতা জানান, এপার বাংলায় ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কোনো পর্যটক পশ্চিমবঙ্গে এলে সীমান্তেই ডেঙ্গু পরীক্ষা করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম সব জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সেই বৈঠকে ঠিক হয়েছে, প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টা সর্বোচ্চ পর্যায়ের ফেভার ক্লিনিক চালু রাখতে হবে সর্বক্ষণ।
কেউ জ্বর নিয়ে এলেই সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগীকে চিহ্নিত করে রেজিস্টারে নথিবদ্ধ করতে হবে ও প্রত্যেক হাসপাতালে বেডের ব্যবস্থা রাখতে হবে। বেশি করে সচেতনামূলক প্রচারের ব্যবস্থা করতে হবে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ৯ হাজার চিকিৎসককে প্রস্তুত রাখা হয়েছে। ব্ল্যাড ব্যাংকগুলোকে রক্ত ও প্লেটলেটের যোগান ঠিক রাখতে যাতে কোনরকম ঘাটতি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কর্মকর্তাদের বিশেষ দল ডেঙ্গু ছড়িয়ে পড়া এলাকা ও হাসপাতালগুলো নিয়মিত পর্যবেক্ষণ করবেন। জেলা প্রশাসক সব ব্যবস্থাপনার ওপরে নিয়মিত নজরদারি চালাবেন।
রাজ্য সরকার থেকে সিধান্ত নেওয়া হয়েছে, ডেঙ্গু আক্রান্ত এলাকায় এক লাখ বিশেষ মশারি দেওয়া হবে। কলকাতার মেয়র ফিরাদ হাকিম তার ১৪৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের ডেঙ্গু প্রতিরোধে পথে নেমে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
