বোয়ালমারীতে জাতীয়করণের দাবিতে স্কুলে স্কুলে তালা

ফরিদপুরঃ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ঢাকায় অবস্থান করছেন। এক দফার দাবিতে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এজন্য উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্কুলে স্কুলে ঝুলছে তালা।

মঙ্গলবার বোয়ালমারী উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের অফিস খোলা রয়েছে কিন্তু শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করার কারণে ছাত্র-ছাত্রীরাও স্কুলে আসেনি।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১১ জুলাই) থেকে এক দফার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। প্রথমদিকে ওই সময় শ্রেণি কার্যক্রম চালু রেখে প্রতি বিদ্যালয় থেকে পর্যায়ক্রমে দুইজন করে শিক্ষক ঢাকায় পাঠানো হয়। এরপর (১৩ জুলাই) বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে সকল শিক্ষককে আনোলনে যোগ দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নেতৃবৃন্দ। সেই ঘোষণা অনুযায়ী রবিবার (১৬ জুলাই) থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ করে সকল শিক্ষকবৃন্দ ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগদান করেন।

এ ব্যাপারে বোয়ালমারী জর্জ একাডেমির একজন অভিভাবক হানিফ মোল্যা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন করে বলেন, শিক্ষকরা আন্দোলন না করে কি করবে। শুনেছি বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা খুবই কম। শিক্ষকতা করে তাদের পেট চলেনা। অপরদিকে সরকারি হলে আমাদের ছেলেমেয়েরা কম বেতন দিয়ে পড়ালেখা করতে পারবে। সাথে আরো সুযোগ-সুবিধাও পাবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা বলেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণের এক দফা দাবিতে শিক্ষকবৃন্দসহ আমরা ঢাকায় অবস্থান করছি। জাতীয়করণের ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরে যাবেনা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের সূত্র ধরেই এখন এক দফার আন্দোলন চলছে। বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করনের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার খরসূতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। শিক্ষকদের জাতীয়করণের দাবিকে যৌক্তিক দাবি বলে একমত পোষণ করেছেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.