রাজধানীর ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানে চিরুনি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়াও ২৯টি বিশেষ স্থাপনায়ও এ অভিযান চালিয়েছে সংস্থাটি।

সোমবার (১৭ জুলাই) করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডিএসসিসির আওতাধীন ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, প্রয়োজনে ছিটানো হচ্ছে ব্লিসিং পাউডার। এরপর সেসব শিক্ষা প্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার অঞ্চল-১-এ ৫টি, অঞ্চল-২-এ ১০টি, অঞ্চল-৩-এ ১৫টি, অঞ্চল-৪-এ ৪টি, অঞ্চল-৫-এ ১৩টি, অঞ্চল-৬-এ ৩টি, অঞ্চল-৮-এ ৫টি, অঞ্চল-৯-এ ৪টি এবং অঞ্চল-১০-এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।

এছাড়া সোমবার বঙ্গভবনের অভ্যন্তরে, বায়তুল মামুর জামে মসজিদ, ডরমিটরি কোয়ার্টার, ওসমানী স্মৃতি মিলনায়তন, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, পুরাতন লালবাগ থানা, মশক নিয়ন্ত্রণ অধিদফতর, ছাতা মসজিদ, মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, কোতোয়ালি থানাসহ ২৯টি স্থাপনা ও স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.