এইমাত্র পাওয়া

জাতীয়করণ: শিক্ষকরা হাজিরা দেবেন প্রেসক্লাবে, স্কুলে ঝুলবে তালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রবিবার (১৬ জুলাই) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির লাগাতার আন্দোলনে ৫ম দিনে একথা জানান সংগঠনের সভাপতি অধ্যক্ষক মো. বজলুর রহমান মিয়া। এর আগে গতকাল জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছিলেন।

অধ্যক্ষক মো. বজলুর রহমান বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তাছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয়। উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

তিনি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তাছাড়া কয়েক বছর ধরে কোনো প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে। তাই অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

শিক্ষক সমিতির সভাপতি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। গত ৮ মার্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারা দেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৪ মার্চে বেসরকারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ঘণ্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। তাছাড়া বিগত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় ১১ জুলাই থেকে প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস কিংবা যোগাযোগ না করায় আগামীকাল রবিবার থেকে সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.