- নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ৫ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দুই লাখ ৮টি পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই লাখ ৮টি পদ সৃষ্টির সম্মতি দেয়া হয়েছে। পদ সৃষ্টির প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ (জি.ও) জারি করা হয়। পরবর্তীতে শূন্য পদে নিয়োগ দেয়া হয়। পিএসসির সুপারিশের প্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেয়া হয়েছে।
শূন্যপদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সরকার জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সৃষ্টির পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট। কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে। আমাদের দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ সৃষ্টি দেয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যৌতুক নিরোধ আইনের অধীনে দেশের বিভিন্ন আদালতে (৩১, ডিসেম্বর ২০২২ পর্যন্ত) ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী ঢাকা জেলায় যৌতুকের মামলার সংখ্যা সব চেয়ে বেশি। এখানে তিন হাজার ৮৭৯টি মামলা রয়েছে। অপরদিকে সবচেয়ে কম মামলা রয়েছে রাঙামাটি জেলায়। এ জেলায় ১৬টি মামলা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
