সপ্তাহে দুই দিন অফিস করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা

পটুয়াখালীঃ জেলার  বাউফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ উঠেছে।

ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার থেকে। অথচ সেই দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবস অফিস করেননি তিনি।

অভিযোগ রয়েছে, সারা বছরই তিনি সপ্তাহে দুই দিন উপস্থিত থাকেন বাকি দিন অনুপস্থিত থাকেন। অভিযোগের সত্যতা যাচাই করতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার নুরনবী, হিসাব রক্ষক মো. জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের কক্ষ তালাবদ্ধ।

এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার কোথায় আছেন অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কিনা তাও জানি না।

তিনি আরও বলেন, স্যার নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকি দিন অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সেই দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা। কিন্তু তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের ছুটি নিয়েছেন। এক দিনের ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.