ময়মনসিংহঃ জার্মানির বার্লিনে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য অনুষ্ঠিত ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস-২০২৩’-এ নারী ফুটবলে শিরোপা জিতেছে বাংলাদেশ। গত ২৩ জুন চূড়ান্ত পর্বের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ইসরায়েলকে হারিয়ে শিরোপা জেতে। দলের অধিনায়ক ও সেরা পারফরমার হিসেবে অন্যদের সঙ্গে স্বর্ণপদক পেয়েছে স্বর্ণা আক্তার (১৪)। গত ২৮ জুন দেশে ফেরে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ। বাক ও শ্রবণপ্রতিবন্ধী স্বর্ণা আক্তার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারইগ্রামের নূরু মিয়ার মেয়ে।
জানা গেছে, বার্লিনে স্পেশাল অলিম্পিকে বিশ্বের ১৭০টি দেশ থেকে প্রায় ২৫ হাজার ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা উপস্থিত হন। বাংলাদেশ থেকে তিন ধাপে প্রশিক্ষণ শেষে আটটি ইভেন্টে বিশেষ চাহিদাসম্পন্ন ৮১ জন ক্রীড়াবিদ, কর্মকর্তাসহ ১১৩ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দলের নেতৃত্বে ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান নুরুল আলম।
এবারের গেমসে বাংলাদেশ দল ১৩টি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিযোগিতার সপ্তম দিনে নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় ইসরায়েল ও বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে ইসরায়েলকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে দলটি ৯-০ গোলে হারায় সৌদি আরবকে। স্বর্ণা ছিল নারী ফুটবল দলের অধিনায়ক।
ঈদের পরদিন উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে বারইগ্রামে স্বর্ণাদের বাড়িতে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়। পাকা সড়ক থেকে তাদের বাড়িতে যাওয়ার রাস্তা কাদায় ভরপুর। কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। তার বড় ভাই মেহেদী হাসান জানান, বেজায় খুশি স্বর্ণা বৃষ্টি উপেক্ষা করেও সবার বাড়ি গিয়ে আনন্দের কথা জানাচ্ছে। কিছুক্ষণ পর হাজির হয় স্বর্ণা। তার কাছে অনুভূতির কথা জানতে চাইলে ইশারা-ইঙ্গিতে জানিয়ে দেয়, সে খুব খুশি। ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।
স্বর্ণার সাফল্যে খুশি মা-বাবাসহ গ্রামের বাসিন্দারাও। প্রতিবেশী বরকত আলী বলেন, তাঁরা সুস্থ-সবল হয়েও দেশের জন্য যা পারেননি, স্বর্ণা তা করে দেখিয়েছে। তবে বেহাল রাস্তাটির জন্য দুর্দশার শেষ নেই তাঁদের, জানিয়ে দিলেন সেটিও।
জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী স্বর্ণা নান্দাইলে সেবা ফাউন্ডেশন পরিচালিত সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ বলেন, শুরু থেকেই খেলাধুলায় খুব আগ্রহ স্বর্ণার। স্বর্ণা ছাড়াও তার বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী বিকেএসপিতে কয়েকবার প্রশিক্ষণ নিয়েছে। একমাত্র স্বর্ণাকে জার্মানির গেমসে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছিল। বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এ সাফল্য সবাইকে অনুপ্রাণিত করবে।
চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, স্বর্ণা শুধু এলাকার নয়, দেশের জন্য সম্মান বয়ে এনেছে। তাকে সহযোগিতা করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
