এইমাত্র পাওয়া

মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, কলেজ ছাত্রীর মৃত্যু

ঢাকাঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জান্নাত (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছে দুজন। ঘটনার পরপরই চালকসহ জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক শুক্রবার ভোরে জান্নাতকে মৃত ঘোষণা করেন।

বরগুনার বেতাগী উপজেলার মো. বাহাউদ্দিনের মেয়ে জান্নাত। জান্নাতের পরিবার থাকে কুড়িল বিশ্বরোড এলাকায়।

নিহত জান্নাতের বাবা বাহাউদ্দিন জানান, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাত। গতরাতে জান্নাতের চাচাতো ভাই শামীম মাটিকাটা এলাকা থেকে কুড়িল বিশ্বরোডে তাদের বাসায় বেড়াতে আসে। রাত্রিবেলায় শামীম তার নিজের ভাগ্নি সাদিয়া (৮) ও চাচাতো বোন জান্নাতকেও সাথে নিয়ে আবার নিজের বাসায় যাচ্ছিলেন। তাদের সাথে আরেকটি মোটরসাইকেলে ছিলেন সাদিয়ার মা-বাবা ও দুই ভাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে শামীমের চালিত মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হলে সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককে। আহত দুজনের অবস্থাও গুরুতর। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.