ঢাকাঃ চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ৪৩ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী আটজন।
আজ শুক্রবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়েছে, হাজি সাহেবগণ পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করেছেন এবং অনেক হাজি সাহেবগণ কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে অবার মিনার তাঁবুতে ফিরে এসেছেন।
এতে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস, মিনা এর আইটি তথ্য ও সহায়তা কেন্দ্র হতে পথ হারানো হাজিদের তাবু খুঁজে পেতে সহায়তা করা এবং সন্মানিত হাজিদের সার্বক্ষণিক প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করা অব্যাহত রয়েছে এবং এই কার্যক্রম ১২ জিলহজ সন্ধ্যা পর্যন্ত চলবে। বিশেষ করে পথ হারানো হাজিদের তাঁবু খুঁজে পেতে সহায়তা করা, ম্যাপ বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনে তাঁবুতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ২২ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
