ফরিদপুরঃ জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত ও বাসাবাড়ির কাজ করানোর অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিউলি শারমিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বুধবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, শিউলি শারমিনের বাড়ি স্কুল সংলগ্ন। স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি শিক্ষার্থীদের দিয়ে স্কুল চলাকালীন ক্লাস বাদ দিয়ে বাসাবাড়ির কাজ করান। এমনকি সম্প্রতি কিছু ছবি ও ভিডিওতে শিক্ষার্থীদের তার মাথার উঁকুন বাছতে এবং হাত-পা মাসাজ করতে দেখা গেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকলিমা বেগম বলেন, “শিউলি শারমিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমার নির্দেশনার তোয়াক্কা করেন না। তিনি ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করান; ক্লাস বাদ দিয়ে লাইব্রেরিতে ঘুমিয়ে থাকেন। অনেকবার সতর্ক করার পরেও তিনি ইচ্ছেমতো চলেন। তিনি প্রায় ২০ বছর ধরে তিনি এমন আচরণ করে আসছেন।”
এদিকে, শিক্ষিকা শিউলির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মাওলা।
গোলাম মাওলার অভিযোগ, “শিউলি শারমিন তিন বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তখন কোনো ধরনের অনুমতি না নিয়ে স্কুলের স্টিল আলমারি, পুরাতন আসবাবপত্র, বই-খাতাসহ অনেক সরঞ্জাম বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আকলিমা বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকটাত্মীয়। অন্যদিকে শিউলি শারমিন সাবেক চেয়ারম্যানের আত্মীয়। দুই চেয়ারম্যান বিদ্যালয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্র বানিয়েছেন।”
এসব অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা শিউলি শারমিন বলেন, “স্কুলের এক ছাত্রী আমার ভাগ্নি হয়। মাঝেমধ্যে শরীর খারাপ থাকায় তাকে দিয়ে মাথা টিপিয়ে নিয়েছি। এই দৃশ্যটি প্রধান শিক্ষক ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছেন। তিনি বিপক্ষ দলের লোক হওয়ায় আমার পেছনে লেগেছেন।”
এ বিষয়ে ইউএনও আজিম উদ্দিন বলেন, “শিউলি শারমিনের বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে কাজ করানোর একটা ভিডিও দেখেছি; তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
