এইমাত্র পাওয়া

ঈদের পর একদফা আন্দোলন: মির্জা আব্বাস

ঢাকাঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মালিক জনগণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঈদের পর একদফা আন্দোলন করব। এ দেশ কারও রাজত্বে চলে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে। যার কারণে তারা এখন প্রলাপ বকছে। পতন সন্নিকটে দেখে তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। আশা করি, সরকার তা আর করবে না। কারণ, যতই অত্যাচার করুক, এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া এ দেশের উন্নয়নের স্থপতি। তিনিই উন্নয়নের ধারা সৃষ্টি করেছিলেন। উন্নয়নের যে অগ্রগতি তা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যে গণতন্ত্র শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সে গণতন্ত্র আজ হাইজ্যাক হয়ে গেছে।

তিনি বলেন, সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। কিসের উন্নয়ন? দেশে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট হচ্ছে, আর এর লক্ষ্য হচ্ছে প্রজেক্টের নামে অর্থ লুট করে বিদেশে পাচার করা। যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট। যত সংকট তা টাকা পাচারের জন্য।

মির্জা আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা।এ থেকে জনগণকে রক্ষা করতে হলে, হাইজ্যাক হওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে একদফা আন্দোলন ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, আজ আমাদের অনেক কর্মী জেলে আছে। আমি বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.