শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি কর্মচারীদের আগামী ১ জুলাই থেকে ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন। ওই সময়ে বার্ষিক ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে আরও ৫ শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। অর্থাৎ তারা জুলাই মাসের বেতনের সঙ্গে মোট ১০ শতাংশ বাড়তি অর্থ পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে শতভাগ মূল বেতন পেলেও আপাতত তারা ৫ শতাংশ বাড়তি প্রণোদনা পাচ্ছেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) সোনা মণি চাকমা গণমাধ্যমকে বলেন, সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়তি ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে এখনো আমরা অর্থ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। ফলে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা তাদের প্রণোদনা দিচ্ছি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে। বাড়তি ৫ শতাংশের জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা।
সূত্র জানায়, দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ। তাদের বেতন-ভাতার পেছনে বছরে সরকারের ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়। যদিও এই টাকায় সরকার শতভাগ মূল বেতন দেয়। আর প্রত্যেক শিক্ষককে বাড়ি ভাড়া বাবদ মাসে ১০০০ টাকা ও চিকিৎসা ভাতা বাবদ মাসে ৫০০ টাকা দেয়। শিক্ষকেরা উৎসব ভাতা পান মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের ৫০ শতাংশ। এ ছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান। তবে যদি সরকারি কর্মচারীদের মতো ৫ শতাংশ প্রণোদনা দিতে হয় তাহলে সরকারকে বছরে আরও ৬০০ থেকে ৮০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত। সরকার ঘোষিত সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ না থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উদ্বিগ্ন। এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি ঊহ্য রাখা হয়েছে । এতে শিক্ষক-কর্মচারীদের উদ্বিগ্নতা আরও বাড়ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
