এইমাত্র পাওয়া

৫ শতাংশ সরকারি প্রণোদনা পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করায় সরকারের সিদ্ধান্তকে অমানবিক ও অদূরদর্শী হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

একইসাথে সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সাথে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (২৭ জুন) বাকবিশিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সরকার ঘোষিত সরকারি চাকুরিজীবীদের ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ না থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উদ্বিগ্ন। এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি উহ্য রাখা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করা হলে তা অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্ত হবে বলে মনে করেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সম্পূর্ণ একই দায়িত্ব পালন করেও নানাভাবে বঞ্চনার শিকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত। তাই বর্তমানে চালু থাকা বার্ষিক প্রবৃদ্ধির মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.