বগুড়াঃ জেলার সারিয়াকান্দিতে ঐতিহ্যবাহী হাসু সিনেমা হলের জমি কিনে “দখলদারের কবলে” পড়েছেন শফিউল ইসলাম সফু নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
উপজেলার হিন্দুকান্দি গ্রামের বাদশা মিয়া ও আবদুল মান্নান, বাদশা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম সবুজ, সুরুজ মিয়া ও লিমন মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন শফিউল ইসলাম।
তার দাবি, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার মদদে অভিযুক্তরা তার জমি দখলে নিয়েছে।” জমি দখলমুক্ত করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলেও জানান তিনি। দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন, তাদের জমিই বরং অভিযোগকারী (সফু) দখল করেছেন।
এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ফল আসেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দিতে হাসু সিনেমা হল ছিল। সিনেমা হলের মূল মালিক হারেছ উদ্দিন ২০০৫ সালের দিকে ব্যবসা গুটিয়ে নেন। পরে সেখানে জায়গাটি গ্যারেজ হিসেবে ভাড়া দেন।
আরও জানা যায়, ২০২২ সালের ১০ নভেম্বর হারেছ উদ্দিনের কাছে স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউল ইসলাম সফু ও তার মেয়ে ডা. সানজিদা শারমিন ৪০ লাখ টাকায় সিনেমা হলের ১২ শতাংশ জমি কিনে নেন। জায়গাসহ হলটি দখলস্বত্ব বুঝে নেওয়ার সময় পৌর মেয়র মতিউর রহমান মতিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জমি কিনে নেওয়ার পর গত ১১ জানুয়ারি অভিযুক্তরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিনেমা হলের এক শতাংশ জায়গা দখলে নেন।
তাদের দাবি, সিনেমা হলের ১২ শতক জমিতে তাদের এক শতক জমি ছিল। অভিযুক্ত জাহিদুল ইসলাম সবুজ বলেন, “তারা নিজেদের কেনা জায়গার দখল নিয়েছেন। শফিউল ইসলাম সফু বারবার জায়গাটি দখলের চেষ্টা করছেন। সফুর কেনা পুরো জায়গাটি পেতে তারা প্রিয়েমশন করেছেন।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
