প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মালামাল চুরির অভিযোগ

কুড়িগ্রামঃ জেলার রৌমারীর দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে এই অভিযোগ করেন মনিরুজ্জামান নামের এক ব্যক্তি।

অভিযোগ বলা হয়েছে, দাঁতভাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের পুরাতন দরজা, জানালা, সাইনবোর্ড, লোহার গ্রিল, টিন, রড, ইট, বাঁশসহ বিভিন্ন মালামাল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শনিবার বিকালে সবার অজান্তে নিজ বাড়িতে নিয়ে যান। মোবাইল ফোন ও বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও টিন-রড চুরির অভিযোগ উঠেছিল, যা তদন্তে সত্যতা মেলে।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা এসব পুরাতন টিনসহ বিভিন্ন মালামল প্রতি কেজি ৪০ টাকা দরে ক্রয় করেছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এসএম রেজাউল করিম বলেন, পুরাতন টিনগুলো রেজুলেশন করে সহকারী শিক্ষক ও কর্মচারীরা ক্রয় করেছেন। বিক্রি করা ওই অর্থ দিয়ে প্রাচীর গাইডওয়াল নির্মাণ করা হবে বলে জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম জানান, তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.