এইমাত্র পাওয়া

জাবির সিনেট অধিবেশন: বিএনপিপন্থিদের ওয়াকআউট

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সিনেট অধিবেশনের শুরুতে হট্টগোল হয়; পরে ১০ মিনিটের জন্য ওয়াকআউটে যায় বিএনপিপন্থি সিনেটররা।

শনিবার বিকেল ৪টার দিকে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক জানান, অধিবেশন শুরুর পর উপাচার্যের ভাষণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে বক্তব্য না আসায় সেটার প্রতিবাদ করেন বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক সামসুল আলম এবং ১০ মিনিট ওয়াকআউটে যাওয়ার কথা বলেন।

তখন ক্ষমতাসীন দলের নেতা ও একজন সিনেটর তার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে সামসুল আলম সেলিমকে ‘বেয়াদব’ বলেন। সেটাকে কেন্দ্র করেই হট্টগোল শুরু হয়।

তিন থেকে চার মিনিটের মত হট্টগোল চলার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ মিনিটের জন্য ওয়াকআউটে যান বিএনপিপন্থি সিনেটররা।

অধিবেশন থেকে বের হয়ে বিএনপিপন্থি সিনেট সদস্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, “এই প্রশাসনকে বার বার বলার পরেও বিভিন্ন প্রশাসনিক পর্ষদে নির্বাচন দেয়নি। এই যৌক্তিক কথা বলার জন্য এভাবে অপমানিত হতে হয়। ওই সিনেট সদস্যের বলা ‘বেয়াদব’ শব্দটি সিনেট অধিবেশন থেকে এক্সপাঞ্জ করতে হবে।”

এদিকে ১০ মিনিট ওয়াকয়াউটে থাকার সময় সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম অধিবেশনের আলোচ্যসূচি সিনেট থেকে পাস করিয়ে নেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিনেট সদস্য ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে দাবি যে কেউ উল্লেখ করতে পারেন। এটা নিয়ে হট্টগোল করার কিছু নেই। আলোচনা করে সমাধান করতে হবে।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.