এইমাত্র পাওয়া

ববি উপাচার্যকে নিজ কক্ষে অপমানের অভিযোগ

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে নিজ কক্ষে অপমানসহ ক্যাম্পাসের পরিবেশ নষ্টে অপতৎপরতার অভিযোগ উঠেছে।

একটি কুচক্রী মহলকে দায়ী করে হঠাৎ বুধবার বিকেলে ববির ৪ সংগঠন বিবৃতি দিয়েছেন। অবশ্য কেউই এসব প্রেস বিজ্ঞপ্তিতে কুচক্রী মহলটির বিষয়ে কিছু খোলাসা করেননি। বিজ্ঞপ্তিতে গত সোমবার (১৯ জুন) উপাচার্যকে তার নিজ অফিসে অপমান করেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে ওই মহলটি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন কুৎসা, গুজব রটানোর পাশাপাশি ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তাই শিক্ষার্থীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতি দেওয়া সংগঠনগুলো হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রেড: ১১-১৬ কল্যাণ পরিষদ ও কর্মচারী কল্যাণ পরিষদ (গ্রেড: ১৭-২০)।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কতিপয় বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মপরিবেশ বিনষ্ট করতে চায়। পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে আগুন দেওয়া, শিক্ষার্থীদের উত্তেজিত করার মতো বিভিন্ন রকম সংবাদ পরিবেশনে ভূমিকা রাখা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করার চেষ্টা চলছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের কর্মরত ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয় কর্ম পরিবেশ, একাডেমিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ন করতে না পারে সে ব্যাপারে সকলে সচেতন থাকবেন।

ইতোমধ্যে মহলটি গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধান মাননীয় উপাচার্যকে তাঁর নিজ অফিসে অপমান করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ জানিয়েছেন, সবাই অবগত কারা এটি করছে। তবে আমরা কারও মানহানী করতে চাইনা বিধায় নাম উল্লেখ করেনি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.