কানের ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস নিল স্কুলছাত্রী!

বাগেরহাটঃ জেলার ফকিরহাটে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মরিয়াম আক্তার (১৭)। পরিবারের দাবি, কানের যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করে।

মৃত ছাত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় নামাজে জানাজা শেষে আট্টাকী সরকারি গোরস্তানে তার দাফন হয়েছে।

পুলিশ জানায়, আট্টাকী ভাড়া বাড়িতে মো. মনিরুল ইসলামের মেয়ে মরিয়াম আক্তারকে বুধবার (২১ জুন) রাত ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানায় পরিবার। মৃতের পরিবার জানান, মরিয়াম আক্তার শ্রবণপ্রতিবন্ধী ও দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। সে প্রায় সময় কানের যন্ত্রণায় ছটফট করত। এই কষ্ট সহ্য করতে না পেরে এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে।

স্থানীয় ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা ফকিরহাট বাজারে জুতার ব্যবসার সুবাদে আট্টাকী গ্রামে এক ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. মনিরুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা করেন বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.