ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে বার্ষিক সিনেট অধিবেশনে। এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাবও উঠেছে।
বুধবার বিকাল তিনটায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়। এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এসব প্রস্তাব করেন। পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানও একই প্রস্তাব রাখেন।
সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করছেন।
অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুলিশ বাহিনী করা উচিত। উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পুলিশ রয়েছে। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের সিকিউরিটি বৃদ্ধি পাবে।
এসময় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব করেন তিনি।
অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইউনিভার্সিটি পুলিশিং সিস্টেম খুবই জরুরি। এটি একটি সময়ের দাবি। আজকের এই সিনেটে আমি এ দাবি উত্থাপন করছি।
সিনেটে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২৪ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়েছে।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

