ফরিদপুরঃ জেলার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় ব্যক্তি মালিকানাধীন এম এম ওসমান মডেল স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক বেতন দিতে দেরি হওয়ায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এম ওসমান কর্তৃক বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচারের দাবিতে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তাদের অভিযোগ মৌখিকভাবে জানায়। এ সময় তারা বলে, বেতন বাকি রাখার কারণে তাদেরকে তাদের প্রধান শিক্ষক পিটিয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, ছাত্রদের মৌখিক অভিযোগ পেয়েছি। ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে। আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি।
স্কুলটি সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসারকে প্রতিবেদন দাখিল করব।’
স্কুলের প্রধান শিক্ষক এম এম ওসমান বলেন, ‘ছাত্রদের অভিযোগ সঠিক নয়। আমি তখন স্কুলের বাইরে ছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
