চট্টগ্রামঃ সাতকানিয়ায় বজ্রপাতে মো. আকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে সে পরীক্ষা দিয়ে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ছদাহা বহনা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকিবুল ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা খোর্দ কেঁওচিয়া বহনা মুড়ার মফিজুর রহমানের পুত্র।
ছদাহা ইউপি সদস্য আবদুস ছবুর জানান, আকিবুল ইসলাম অর্ধ–বার্ষিকী পরীক্ষা শেষে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সে বাড়ির কাছাকাছি পৌঁছার পর হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আকিবকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন জানান, তীব্র তাপদাহের কারণে স্কুল বন্ধ থাকার সময়ের স্থগিত হওয়া বাংলা পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আকিব সাইকেল চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। পথে হঠাৎ বজ্রপাতে আকিব মারা যায়। তার মৃত্যুতে স্কুল পরিচালনা কমিটি ও সকল শিক্ষক–শিক্ষার্থী শোকাহত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
