জামালপুরঃ জেলার মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ের রুটিন মেরামতের কাজের দায়িত্ব না দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামকে গালিগালাজ ও চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির ২ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম জলিল ও আতাউর রহমান বাদল।
বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। একজন শিক্ষকের উপর এমন ন্যক্কার জনক হামলায় অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা বলেন, কথা কাটাকাটি হয়েছে চড় থাপ্পরের কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, বিদ্যালয়ের রুটিন মেরামতের কাজ নিজেরা করতে কয়েকদিন থেকেই ভারপ্রাপ্ত শিক্ষক সামিউল ইসলামকে চাপ দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম ও আতাউর রহমান। কিন্তু তাদের কাজ দিতে রাজি হননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম।
বুধবার (১৪ জুন) সকালে কাজের জন্য শ্রমিক আসলে শ্রমিকদের কাজ করতে বাধা দেয় তারা। পরে এসবের প্রতিবাদ করেন প্রধান শিক্ষক সামিউল ইসলাম। এ সময় অভিযুক্তরা সামিউল ইসলামকে গালিগালাজ করেন। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম জলিল সামিউল ইসলামকে চড় থাপ্পর মারেন। ঘটনার পর ভুক্তভোগী প্রধান শিক্ষক ৯৯৯ ফোন দিলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের কাউকে তোয়াক্কা করেন না তারা। পেশীশক্তি ও সন্ত্রাসী মনোভাব পোষণ করে সবসময়। তার উপর হামলার বিচার চান তিনি।
জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, আমি ওই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলেছি। ঘটনাটি দুঃখজনক। অতি দ্রুত ব্যবস্থা নিতে সভাপতিকে নির্দেশনা প্রদান করেছি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
