এইমাত্র পাওয়া
ফাইল ছবি

বিশ্ব পরিবেশ দিবসে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের দিনও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার অবস্থান প্রথম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৫৭। বাতাসের এ মান অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ তালিকায় ১৫৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা; ১৫৪ নিয়ে তৃতীয় ভারতের রাজধানী দিল্লি। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৩ এবং পঞ্চম স্থানে থাকা কুয়েতের কুয়েতসিটির স্কোর ১৪৬।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.