এইমাত্র পাওয়া

দুই ট্রলারের সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষকের

পিরোজপুর: জেলার নাজিরপুরে ট্রলারের ধাক্কায় অপর ট্রলার থাকা বিনয় ভূষণ মজমুদার (৬২) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৯ মে) দুপুরে নিহত স্কুল শিক্ষকের ছেলে রাজীব মজুমদার বাদী হয়ে নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে রবিবার (২৮ মে) রাত ৯টার দিকে স্থানীয় মনোহরপুর স্কুল সংলগ্ন ঘরামি বাড়ির পূর্বপাশের খালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় ভূষণ উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পদ্মাডুবি এলাকার মনোহরপুর গ্রামের মৃত্যু ক্ষিরোদ চন্দ্র মজুমদারের ছেলে।

তিনি উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম জানান, রবিবার  রাত ৯টার দিকে ওই শিক্ষক তাদের নিজস্ব একটি ট্রলার চালিয়ে তার ছোট ভাই সান্টু মজুমদারকে নিয়ে মনোহরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে ট্রলার নিয়ে আসা একই এলাকার আয়নালী মৃধার ছেলে কাঁচামাল বিক্রেতা ইউসুফ মৃধা ওই শিক্ষকের ট্রলারটি চাপা দেন। এতে ওই শিক্ষকের ট্রলারটি উল্টে তিনি ও তার ছোট ভাই ট্রলারের নিচে পড়েন। ছোট ভাই সাঁতরে পাড়ে উঠলেও কিছু সময় পর ওই শিক্ষক ভেসে উঠেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপা দেয়া ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিনয় ভূষণকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, ওই শিক্ষককে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রলারের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.