এইমাত্র পাওয়া

গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারীঃ জেলার সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজু (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজু শহরের নিমবাগান এলাকার জাবেদ আলীর ছেলে। সে স্থানীয় কয়ানিজপায়াড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মতির মোড়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাজু। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই পুকুর থেকে সাজুকে উদ্ধার করে। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজুর বাবা জাবেদ আলী বলেন, তিন ছেলেমেয়ের মধ্যে সাজু সবার ছোট। আমরা সব সময় তাকে চোখেচোখেই রাখি। কিন্তু আজ বাড়িতে থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে কখন যে বন্ধুদের সঙ্গে গোসল করতে গেছে তা কারওই জানা নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.