লোডশেডিং স্বাভাবিক হতে লাগবে আরও এক মাস: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকাঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক মাস সময় লাগবে। আগামী ৩ বছরের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরুর ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২২ মে) ভোলায় সদ্যপ্রাপ্ত ইলিশা গ্যাসক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এসে একথা বলেন প্রতিমন্ত্রী। নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দেশের ২৯তম এ গ্যাসক্ষেত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় গত ৯ মার্চ ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়। বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম খননের কাজ করে।

গত ১৪ এপ্রিল কূপের ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন কাজ শেষে পৃথক নতুন একটি গ্যাসের স্তর আবিষ্কার হয়। পরে সার্বিক ভূতাত্ত্বিক ও ভূপদার্থিক কারিগরি বিশ্লেষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) সম্পন্ন করে ইলিশা কূপকে গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা প্রদানের বিষয়ে বাপেক্স মতামত দেয়।

নসরুল হামিদ বলেন, ‘এটি আনন্দের সংবাদ এবং সৌভাগ্যের। ইলিশা কূপ থেকে ২৬-৩০ বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে। এই কূপসহ ভোলাতে সব মিলিয়ে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদের আশা করা হচ্ছে।’ দ্বীপ জেলা ভোলা থেকে বরিশাল হয়ে একটি পাইপলাইন খুলনা যাবে। এই লাইনের প্রি-ফিজিবিলিটি শেষ হয়েছে। এখন ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

জানা গেছে, গ্যাসক্ষেত্রটির গভীরতা ৩ দশমিক ৪৪ কিলোমিটার। কূপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত প্রথম ড্রিলিং স্টেম পরীক্ষায় দেখা গেছে, গভীর স্তরে এর চাপ প্রায় ৩৫০০ পিএসআই এবং গ্যাসপ্রবাহ দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট। এ কূপ থেকে গ্যাস উৎপাদন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করে বাপেক্স। বাপেক্স জানিয়েছে, নতুন এই ক্ষেত্রটিতে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে।

ভোলা জেলায় মোট ৩টি গ্যাসক্ষেত্রের ৯টি কূপ রয়েছে। এগুলো হলো- বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ৬টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থর ২টি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা ১ কূপ। ভোলায় মজুদিকৃত গ্যাসের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.