অন্ধত্ব জয় করে ভর্তিযুদ্ধে তৌফিক, হতে চান শিক্ষক

নোয়াখালীঃ তৌফিক বিন জাহাঙ্গীর। দু চোখে আলো না থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। হতে চান শিক্ষক।

গতকাল শনিবার (২০ মে) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় শ্রুতিলেখকের সহায়তা নিয়েই দেন পরীক্ষা।

এইচএসসিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তৌফিক। নিজের স্বপ্নের ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইংরেজির শিক্ষক হতে চান তিনি। পাশাপাশি দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার স্বপ্ন তার।

আলাদাভাবে এক কক্ষে পরীক্ষায় বসেন তৌফিক বিন জাহাঙ্গীর। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম তাকে দেখতে আসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, নোবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটের দুই হাজার ৭৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ২৫ জন শিক্ষার্থী, উপস্থিতির হার ৯৭.৬৪ শতাংশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.