কিশোরগঞ্জঃ জেলায় দুই বছর ধরে বেতন পাচ্ছেন না ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (মশিগশি) কার্যক্রমের শিক্ষকেরা। তাদের প্রত্যেকের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। বর্তমানে ৭৫ জন শিক্ষকের ৮২ লাখ ৫০ হাজার টাকা বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া নতুন করে ২৯ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন।
একাধিক শিক্ষক বলেন, ৫ বছর ধরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকতা করে আসছেন তারা। দুই বছর ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এদিকে সবকিছুর ব্যয় বেড়েছে। তার মধ্যে বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। সংসার চালাতে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। দ্রুত বেতনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু বলেন, সরকারি রাজস্বে নয়, মূলত এই শিক্ষা কার্যক্রমটি প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হয়। এটি চলমান একটি প্রক্রিয়া। প্রতিবছর প্রজেক্টের নবায়ন করতে হয়। নবায়ন জটিলতায় বেতন বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যে জটিলতা ভেঙে শিক্ষকরা বকেয়া বেতনসহ চলমান বেতন পাবে।
জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড কর্মকর্তা গণপতি রায় বলেন, ‘২০২১ সালের জুনে পঞ্চম পর্যায়ে প্রজেক্টের মেয়াদ শেষ হয়। এরপর ২০২২ সালের জুনে একনেকে প্রজেক্টটি পাস হয়। প্রজেক্ট পাস হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় থেকে টাকা ট্রান্সফারের সুযোগ নেই। এর মধ্যে এই শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট পরিচালক পদটিও মাঝখানে কিছুদিন শূন্য ছিল। যে কারণে ২০২১ সালের জুলাই থেকে ৭৫ জন শিক্ষকের বেতন বকেয়া পড়েছে।
‘ফেব্রুয়ারি মাসে নতুন পরিচালক দায়িত্ব পেয়েছেন। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে টাকা ছাড় শুরু হয়েছে। শিক্ষকদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। সেই হিসেবে তাদের প্রত্যেকের ২২ মাসের বকেয়া পড়েছে ১ লাখ ১০ হাজার টাকা। ৭৫ জনের ২২ মাসে বকেয়া পড়েছে ৮২ লাখ ৫০ হাজার টাকা। নতুন করে ২৯ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই শিক্ষদের অ্যাকাউন্টে বেতন চলে আসবে।’
জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক আকরাম হোসেন বলেন, সারা দেশেই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন বকেয়া পড়েছিল। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বেতন ছাড় করতে শুরু করেছে। কিশোরগঞ্জের সব শিক্ষকের তথ্য ও অ্যাকাউন্ট নম্বর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে বেতন চলে আসবে। বিভিন্ন জেলার শিক্ষকরা বেতন পেতে শুরু করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
