চাঁদপুরঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের প্রাচীনকালের শিক্ষাব্যবস্থায় সবকিছুই ছিলো। আমাদের সেই হারানো ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা আরও এগিয়ে যাবো।
শনিবার চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা-প্রতিষ্ঠান তৈরির মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ তৈরি করা। যারা শিক্ষার্থী, নতুন প্রজন্ম, তারা শিক্ষিত-দক্ষ নাগরিক হওয়ার সঙ্গে সত্যিকারের ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আর সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্যই হলো একটি শিক্ষিত-দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা।
ডা. দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যাতে কতগুলো কংক্রিটের তৈরি বিল্ডিং না হয়। শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, আইসিটিসহ সকল চর্চা অব্যাহত রাখতে পারে। সেটি নিয়ে বর্তমান সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষা কমিশন করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রথম পদক্ষেপ নিয়েছেন। তিনি একটি দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করে যাচ্ছেন। দেশকে সব ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন। যার ফলে বর্তমান বিশ্বে শিক্ষা রূপায়নের যে অগ্রযাত্রা চলছে, আমরা তার অগ্রভাগে আছি।’ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘এর যাত্রা শুরু হলো তিনটি বিষয় দিয়ে। স্থায়ী ক্যাম্পাস হলে এটিতে আরও সাবজেক্ট দেবে কর্তৃপক্ষ।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রাচীনকালের শিক্ষাব্যবস্থায় সবকিছুই ছিলো। আমাদের সেই হারানো ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপনারা শিক্ষাকে কাজে লাগাবেন। বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ব তখনি থাকবে, যখন আপনি আপনাকে পরিপূর্ণ ভাবে তৈরি করতে পারবেন। সে তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’
চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান।
চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ড. সোহেলা আক্তার। শিল্পকলার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস পৌরসভার চাঁদপুর কুমিল্লা সড়ক পাশে বাবুরহাট খুলিশাডুলিতে যান এবং এর ফলক উন্মোচন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
