রোববারের এসএসসি পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন?

নিউজ ডেস্ক।।

আগামী শনিবার রাতে দেশে আঘাত হানার পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় মোখা’র। এর পরদিনই রয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা হবে কিনা এ নিয়ে সংশয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষা প্রশাসন বলছে, ঝড়ের গতি-প্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গতকাল আন্তঃজেলা শিক্ষা বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার স্বাক্ষরিত বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় মোখা ২/১ দিনের মধ্যে দেশের উপকূল এলাকাসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। বোর্ডগুলোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণের জন্য স্ব স্ব বোর্ডে নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

পরীক্ষার রুটিন অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। আর পরদিন সোমবার রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।

পূর্বাভাস ঠিক থাকলে শনিবার রাত থেকেই ঝড়ের প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি ভয়াবহ হলে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। আর ঘূর্ণিঝড় যদি আঘাত হানে কোনো অঞ্চলে, কোন অঞ্চলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেসব বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.