‘বখশিশ’ নিষিদ্ধ করল হাইকোর্ট

ঢাকাঃ আদালতের কর্মকর্তা-কর্মচারী, গাড়ি চালক ও গানম্যানকে কোনো প্রকার ‘বকশিশ’ বা ‘টিপস’ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।

ওই বেঞ্চের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ এমন কিছু সুবিধা গ্রহণ করলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাতউল্লাহ খান এ বিজ্ঞপ্তি দিয়েছেন।

সম্প্রতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় এই কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির গাড়িচালক এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্যকোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, এই কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী, আইনজীবী সহকারী এবং এই কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.