জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩১ মে রাত ১২টার আগ পর্যন্ত।

মঙ্গলবার ( ৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট juniv-admission.org তে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন করা যাবে। এছাড়াও অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিনি জানান, এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), বি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, সি ইউনিটে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, সি১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

এ সময় আও জানানো হয় এবার এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং সি১, ডি, ই ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও ভর্তির জন্য ইউনিট ভিত্তিক যোগ্যতা, নম্বর বন্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট juniv-admission.org তে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.