এইমাত্র পাওয়া

নকল সরবরাহের দায়ে মৌলভীকে জরিমানা

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার অপরাধে মো. আল আমিন নামের এক মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমণকারী আদালত।

রবিবার(০৭মে) সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত মৌলভী মোঃ আল আমিন উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসায় কর্মরত আছেন।

সূত্র জানায়, গতকাল রবিবার চলতি এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা ছিল। কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার ওই মৌলভী ৪নং কক্ষে দায়িত্ব দেয়া হয়। পরীক্ষা শুরুর পরপরই ওই মৌলভী পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করছিলেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনা প্রত্যক্ষ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাদ্রাসার লাইব্রেরীতে বসিয়ে রাখেন। এ খবর জানাজানি হলে বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান শিক্ষা বার্তাকে বলেন, অভিযুক্ত মৌলভী তার অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.