ঢাকাঃ নানা অপকর্মে বিতর্কিত শিক্ষক খোন্দকার সিরাজুল ইসলাম মুরাদকে পুনরায় সরকারি এডওয়ার্ড কলেজে পদায়ন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
গত ২ মে জারি করা এক প্রজ্ঞাপনে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে বদলি করে তাকে সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে পদায়ন করা হয়। এর আগে এডওয়ার্ড কলেজে অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি সহ নানা অনিয়মের কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করে নোয়াখালীর হাতিয়া দ্বীপে শাস্তিমূলক বদলি করা হয়।
অভিযোগ উঠেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে, প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে এ বদলি আদেশ করিয়েছেন তিনি। এই পদায়নে কলেজের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এডওয়ার্ড কলেজে থাকার সময়ে শিক্ষক মুরাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পাবলিক পরীক্ষায় নকল সরবরাহ, মোটা অর্থের বিনিময়ে চাকরি বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে সরকার সমর্থিত ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৬ সালের ৬ ডিসেম্বর তাকে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে নোয়াখালীর হাতিয়ায় স্ট্যান্ড রিলিজ করা হয়। অজ্ঞাত কারণে ওই আদেশ বাতিল করে শিক্ষক মুরাদ ঈশ্বরদী সরকারি কলেজে যোগদান করেন।
এদিকে, মুরাদের বদলি আদেশে এডওয়ার্ড কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে বলে আদেশ বাতিলের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চিঠি দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুর কবির মজুমদার।
হুমায়ুন কবীর মজুরদার বলেন, খোন্দকার সিরাজুল ইসলাম মুরাদ ২০১৬ সালে এডওয়ার্ড কলেজে কর্মরত অবস্থায় কলেজের বার্ষিক গোপনীয় প্রতিবেদন জমা না দিয়ে নিজেই নিজের এসিআর তৈরী করে জমা দেন। এর পাশাপাশি, ঐ সময় কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সেমিনার ইনচার্জ থাকাকালে ২ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা ও সাইবার সেন্টারের দায়িত্বে থাকাকালে ৮৪ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে কলেজ বদলির পরেও এডওয়ার্ড কলেজের পরিচয় ও সিল ব্যবহার করে বিভিন্ন তদবির ও ব্যবসায়িক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেসব মামলা এখনও চলমান। এ কারণে, আমরা তার বদলি আদেশ জরুরি ভিত্তিতে বাতিলের জন্য আমরা অনুরোধ করেছি।
খোন্দকার সিরাজুল ইসলাম মুরাদ বলেন, কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে পরিকল্পিত ষড়যন্ত্রে বদলি করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী আমার বদলির আদেশ হয়েছে, সরকার যদি তা স্থগিত করে আমি সে সিদ্ধান্তও মেনে নেব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
