এইমাত্র পাওয়া

শিক্ষক হত্যা ও নির্যাতনে উদ্বিগ্ন শিক্ষক ফোরাম

ঢাকাঃ জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, কিশোর অপরাধ বৃদ্ধি পাবার কারণেই গত ৩০ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় কিশোর ছিনতাইকারীদের হাতে স্কুল শিক্ষককে খুন হতে হয়েছে। মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যা করা ছিনতাইকারীদের পুলিশ গ্রেফতার করলেও একজন শিক্ষককেতো আর ফিরে পাওয়া যাবে না। লক্ষ্য করলে দেখা যাচ্ছে, স্কুল-কলেজের শিক্ষার্থীর একাংশ এখন মাদক, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।

একইভাবে গত ২৮ এপ্রিল জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুনশি আবু দারদাকে ফরিদপুরের ভাঙায় মাইক্রো বাসে ধাক্কা দিয়ে উঠিয়ে নির্যাতন করে টাকা আদায় করে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, মানুষের নৈতিকতার অবক্ষয় ঠেকানো না গেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে বাধ্য। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা ও দীক্ষা বাধ্যতামূলক করতে হবে। কারণ মানুষের নৈতিক শিক্ষা ও দীক্ষা অর্জনের মাধ্যমে খোদাভীতি সৃষ্টির পাশাপাশি অন্যায়ের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি হয়।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির দ্বি মাসিক বৈঠকে জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরও বলেন, শুধু বিজ্ঞান চর্চার মাধ্যমে সভ্য জাতি গড়ে উঠেনা বরং ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষার মাধ্যমে আদর্শ সভ্যতা বিনির্মান করা যায়। শিক্ষার সর্বস্তরে বিজ্ঞান চর্চার পাশাপাশি ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষা ও দীক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে উন্নত সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.