নিজস্ব প্রতিবেদক।।
জন্ম থেকেই দু’চোখে আলো নেই নাজিফা তাসনিম লাবীবার। কিন্তু সে দমে যায়নি। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি মনোযোগী। চোখে আলো না থাকলেও মনের শক্তি অনেক বেশি। একবার শুনলেই পড়া মুখস্থ করে ফেলতে পারে। তাই সে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পার করে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শ্রুতিলেখকের সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে। ধুনট সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ লিটনের মেয়ে এবং গোপালনগর ইউ এ কে উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছে। তাকে সহযোগিতা করছে স্কুলছাত্র শ্রুতিলেখক রোকনুজ্জামান।
নাজিফা জানায়, ব্রেইল পদ্ধতি, অডিও রেকর্ডিং ও ইউটিউবে লেকচার শুনে সে পড়া মুখস্থ করে। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মেধাতালিকায় বৃত্তি পেয়েছে। পড়াশোনার পাশাপাশি গানে সে পারদর্শী। সে নিজেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বলে দাবি করে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক হতে চায় অদম্য মেধাবী এই শিক্ষার্থী।
নাজিফার বাবা ওবায়দুল্লাহ লিটন বলেন, ‘জন্মগতভাবেই নাজিফা চোখে কম দেখে। তখন মেয়েকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় পড়ি। অনেক চিকিৎসকের শরণাপন্ন হলেও কোনো সুফল মেলেনি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে নাজিফা পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তার স্মরণশক্তি খুব ভালো। আমি এখন আশাবাদী, সে ভবিষ্যতে ভালো কিছু করবে।
এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব তফিজ উদ্দিন বলেন, ‘শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে একজন শ্রুতিলেখকের মাধ্যমে নাজিফাকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। ধুনট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রোকনুজ্জামান শ্রুতিলেখকের দায়িত্ব পালন করছে। রোকনুজ্জামান জানায়, ‘প্রশ্ন বললেই সাথে সাথে নাজিফা আপু আমাকে উত্তর বলে দেন। আমি শুধু তার হয়ে খাতায় উত্তর লিখে দিচ্ছি। প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
