এইমাত্র পাওয়া

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং চালু, জরিমানা ৫০ হাজার

দিনাজপুরঃ জেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাইওনিয়ার কোচিং সেন্টার চালু রাখায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় পাইওনিয়ার কোচিং সেন্টার চালু রাখায় এই জরিমানা ও কারাদণ্ডাদেশ প্রদান করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শহরের ঘাসিপাড়া এলাকায় পাইওনিয়ার কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় কোচিং সেন্টারটি চালু রাখার অপরাধে কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে (৩২) ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে কোচিং সেন্টার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.