এইমাত্র পাওয়া

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল দুই বোন

কক্সবাজারঃ জেলার টেকনাফে মায়ের লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন। তারা উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্রের পরীক্ষার দিন ঘটে এ হৃদয় বিদারক ঘটনা।

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তার উপজেলার সাবরাং ইউপির পানছড়ি পাড়ার জহির আহমদের কন্যা। পরীক্ষার হলে যেতে মেয়েদের নিজ হাতে তৈরি করে দিবেন মা। তারপর ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু সাদিয়া আর শারমিনের ভাগ্যে তা আর হয়নি। সকালের আগেই ভোররাতে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে গেলেন জনম দুখিনী মা। সেই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষায় অংশগ্রহণ করে দুই বোন সাদিয়া ও শারমিন।

এ বিষয়ে সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজান থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেেআজ ভোর সাড়ে ৩টায় ইন্তেকাল করেন তিনি।

সাদিয়া-শারমিনের পিতা জহির আহমদ বলেন, যেখানে একদিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাস করবে আল্লাহ ভাল জানেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনার। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা প্রদানে ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.