নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।
রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অনুমোদনক্রমে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ (১) ধারা অনুযায়ী ড. শাহ্ আলিমুজ্জামান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ৪ বছরের জন্য নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো-
ক. ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার পূর্বেও তাকে অব্যাহতি দিতে পারবেন।
খ. ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন;
গ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;
ঘ. এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বর্তমানে রেজিস্ট্রার কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বর্তমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। একই বছর তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ১৯৯৬ সালে। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর তিনি এমফিল করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট মেম্বার এবং ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

