ঢাকাঃ আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়েই তা নেওয়া হবে।
করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে মাত্র তিন বিষয়ে এবং ২০২২ সালে ৯ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। দুই বছর পর এবার পূর্ণ নম্বরে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক
মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসিও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
দীপু মনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি গুজবে কান দেবেন না। কেউ গুজব সৃষ্টি করার চেষ্টা করবেন না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ ৯ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে থেকে শুরু হয়ে ৪ জুন শেষ হবে।
এইচএসসি পরীক্ষা আগস্টের মাঝামাঝি : চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগস্টের মাঝামাঝি সময়ে নেওয়ার পরিকল্পনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকালের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে হয়তো পরীক্ষাটি নিতে পারব। এই পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই হচ্ছে। তবে এটি যেহেতু পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে, তাই নির্বাচনী পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেটিকে একটু পিছিয়ে ৩০ মে নেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
