বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

বায়তুল মোকাররম মসজিদে আরও তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

এছাড়া বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত।

ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ ও ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত হবে এবার। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.