নিউজ ডেস্ক।।
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক সোহেল উদ্দীনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ এলাকার রাবেয়া তাপস্বী মঞ্জিলের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই রুমটি ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, দুপুরে প্রভাষক সোহেল উদ্দীনের স্ত্রী তাকে খুঁজতে এসে দেখেন তাদের ভাড়া নেওয়া রুমটি ভেতর থেকে তালা দেওয়া। এ সময় তাকে (বাড়ির মালিক) ডেকে দরজা খুলতে সহায়তা চান। পরে তিনি (বাড়ির মালিক) একজন মিস্ত্রি ডেকে দেন। মিস্ত্রি এসে ঘরের দরজা ভেঙে দেয়। ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পারেন তারা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, প্রভাষক সোহেল উদ্দীনের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। আজ দীর্ঘক্ষণ স্বামীর খোঁজখবর না পেয়ে স্ত্রী নিজেই তাকে খুঁজতে বের হন। তারা যে বাড়িতে ভাড়া থাকেন, তার থেকে ৫শ মিটার দূরত্বের রাবেয়া তাপস্বী মঞ্জিলে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। তার মরদেহ যখন উদ্ধার হয়েছে, তখন তার শরীরে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, প্রভাষক সোহেল উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
