নিউজ ডেস্ক।।
রাজধানীর মিরপুরে জালাল উদ্দিন জালালি (৭৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন মিরপুর ১২ নম্বর ঝিলপাড় দারুল আল কাম মাদ্রাসার শিক্ষক। তিনি দুই বছর ধরে ওই বাড়িতে ব্যাচেলর ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন।
রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার জানান, এ ঘটনায় হাসান নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তার সারা গায়ে রক্তের দাগ ছিল। ওসি আরও জানান, হাসান মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত সহকারী। সে খুনের দায় স্বীকার করেছে। টাকা পয়সার লেনদেন, দীর্ঘদিনের ক্ষোভ, মানসিক ও শারীরিক নির্যাতন থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন মোল্লা বলেন, রক্তের দাগের সূত্র ধরে ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিড়ির নিচ থেকে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বয়স আনুমানিক ১৭-১৮ বছর। তার জামা-কাপড় ও হাতে রক্তের দাগ ছিল। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
