এইমাত্র পাওয়া

টাঙ্গাইলে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

টাঙ্গাইলঃ বৃষ্টির দেখা নেই বেশ কিছুদিন ধরে। সারাদেশের মতো টাঙ্গাইলে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খরায় নষ্ট হচ্ছে খেতের ফসল। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কদমতলী মাদরাসা প্রাঙ্গণে এ সালাতুল ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক-ছাত্র, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন জায়গা থেকে আগত কয়েক শ মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় ছদর হাফেজ মাওলানা রেজাউল করিম। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

নামাজে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলা সভাপতি মুফতি সাইফুল ইসলাম বলেন, প্রচণ্ড খরায়-গরমের কারণে মানুষ ও প্রাণীকুল নাকাল হয়ে পড়েছে। সবার খুবই কষ্ট হচ্ছে। জমির বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করা হয়। নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করে এ পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।

তিনি আরও বলেন, বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচণ্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সে অনুযায়ী ইসতিসকার নামাজ আদায় করা হয়।

ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম বলেন, সবাই আল্লাহর কাছে নিজেদের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি। গত কয়েক দিনে প্রচণ্ড তাপপ্রবাহে টাঙ্গাইলসহ সারাদেশের মানুষ নাকাল হয়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ফয়সাল আহমদসহ কদমতলী মাদরাসার ছাত্র-শিক্ষক ও কদমতলী এলাকার মুসল্লিবৃন্দ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.