এইমাত্র পাওয়া

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো হলেন জাককানইবি শিক্ষক

 নিউজ ডেস্ক।।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো হলেন জাককানইবি শিক্ষক

প্রথমবারের মতো বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড.হাসিনা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ৪র্থ সভায় ৫ম ধারা অনুযায়ী ড. মো. নুরুজ্জামান খাঁনকে একাডেমির অ্যাসোসিয়েট ফেলো হিসেবে অনুমোদন করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দেশের সর্বকনিষ্ঠ গবেষক হিসেবে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। ২০১৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করা মো.নুরুজ্জামান খাঁন জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন। বর্তমানে তার প্রকাশিত প্রবন্ধ সংখ্যা ১৫৩টি। গুগল স্কলারের মতে, তার প্রকাশনাগুলো ইতিমধ্যে ১১০০০ হাজারের বেশি বার সাইটেশন পেয়েছে। তার এইচ-ইনডেক্স:৩৪, আই১০-ইনডেক্স:৬২।

ড. মো. নুরুজ্জামান খাঁন ৩০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের কর্তৃক প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায়ও তিনি স্থান পেয়েছিলেন। এছাড়া গবেষণার স্বীকৃতি হিসেবে কর্মজীবনে তিনি অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।

এ বিষয়ে ড. মো. নুরুজ্জামান খাঁন বলেন, প্রথমবারের মতো এবং সর্বকনিষ্ঠ গবেষক হিসেবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রসিদ্ধ বিজ্ঞানীদের পর্ষদ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। এই পর্যদের ফেলো হতে পারা সত্যিই সম্মানের। আমার এই অর্জন আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে এবং বিজ্ঞানের জন্য কাজ করার দায়বদ্ধতাকে আরও বেশি শাণিত করবে।

প্রসঙ্গত, দেশে বিজ্ঞান উন্নয়ন এবং গবেষণা কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ১৯৭৩ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। যারা অ্যাকাডেমির ফেলো হতে চান তারা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করে থাকেন। সংশ্লিষ্টরা আবেদনকারীর প্রোফাইল পর্যবেক্ষণ করে প্রকাশনা সংখ্যা, ইনডেক্সিং, উদ্ধৃতি সংখ্যা ও সামাজিক অবদান ইত্যাদির ওপর ভিত্তি করে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচন করে থাকেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.